২৬ জানুয়ারী, ২০২৬
আসন্ন সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের জয়ের জন্য নেতাকর্মীদের অবিরাম প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করিম।
তিনি বলেন, ‘সকল নেতাকর্মী ও শ্রেণি-পেশার মানুষদের বলব— সময় বেশি নেই, রাতদিন হিসাব করে চললে হবে না। ভোটারদের কাছে যেতে হবে, ভাই-বোনদের কাছে যেতে হবে। সবাইকে বুঝিয়ে হাতপাখা প্রতীকের পক্ষে বিজয়ী করতে অবিরাম মেহনত করতে হবে।’
সোমবার বকশীগঞ্জ উপজেলার এনএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে মুফতী সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন।
মুফতী রেজাউল করিম বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রার্থী আবদুর রউফ তালুকদারকে হাতপাখা প্রতীকে বিজয়ী করতে পারলে এই এলাকার মানুষ শান্তি পাবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, জেলা সভাপতি মোস্তফা কামাল, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, মুফতী হামিদুল ইসলাম প্রমুখ।
এ সময় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের প্রার্থী আবদুর রউফ তালুকদারের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন মুফতী সৈয়দ রেজাউল করিম।