২৭ জানুয়ারী, ২০২৬
মোংলা পৌর শহরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
সোমবার (২৬ জুন) রাত ১২টা ১০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
বাড়ির মালিক নজরুল ইসলাম বর্তমানে একটি মাদক মামলায় জেলহাজতে রয়েছেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় মো. নজরুল ইসলাম নামের এক দিনমজুরের আধাপাকা বসতঘরের বিদ্যুৎ সরবরাহ লাইনে শর্টসার্কিট হয়ে প্রথমে বেড়ায় আগুন লাগে। এরপর আগুন দ্রুত আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে বসতঘর ও রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবারের ব্যবহারের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মোংলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর জন্য পানির সংকট ও বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা সরু থাকায় পৌঁছাতে কিছুটা সমস্যা হলেও দ্রুত ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কোনো মানুষ হতাহত হয়নি।’