২৭ জানুয়ারী, ২০২৬
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশের অনীহার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা নিয়ে সমালোচনা আরও জোরালো হচ্ছে। এবার সংস্থাটির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে যথাযথ গুরুত্ব না দেওয়াকে আইসিসির নীতিগত দুর্বলতা ও প্রশাসনিক অসঙ্গতির উদাহরণ হিসেবে দেখছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউসুফ বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও প্রভাব কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। দর্শকসংখ্যা ও বাজারমূল্যের দিক থেকে বাংলাদেশ একাই অনেক দেশের সম্মিলিত প্রভাবের সমান। এমন একটি দেশের নিরাপত্তা উদ্বেগ আমলে না নেওয়া আইসিসির নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে বলে মন্তব্য করেন তিনি।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ইউসুফের বক্তব্যে স্পষ্টভাবে আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দ্বৈত মানদণ্ডের ইঙ্গিত রয়েছে। তার মতে, কিছু দেশের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হলেও বাংলাদেশের বেলায় একই ধরনের সহানুভূতি বা ছাড় দেওয়া হয়নি, যা ক্রিকেটের সমতা ও ন্যায়বিচারের দর্শনের পরিপন্থী।
প্রসঙ্গত, নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি মাসের শুরুতে আইসিসির কাছে ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। তবে আইসিসি বোর্ড সভার পর জানানো হয়, বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এরই ধারাবাহিকতায় গত শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।
এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আগেই বলেছেন, বাংলাদেশের সঙ্গে আচরণকে অন্যায্য মনে হলে পাকিস্তান সরকার বিশ্বকাপ বর্জনের বিষয়টিও বিবেচনায় নিতে পারে। তিনি জানান, এ ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে মোহাম্মদ ইউসুফের মন্তব্য পাকিস্তান ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। সাবেক এই ব্যাটিং কিংবদন্তির কণ্ঠে আইসিসির সমালোচনা বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।