জয়পুরহাটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২৭ জানুয়ারী, ২০২৬

জয়পুরহাট ও গাইবান্ধা জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যান্যরা।

২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সাংবাদিকদের প্রয়োজনীয় জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা। এতে নির্বাচন প্রতিবেদন তৈরির কৌশল, সমসাময়িক চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায়, নির্বাচন আইন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচন সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

জয়পুরহাট ও গাইবান্ধার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।