গলাচিপায় দর্জির দোকানে আগুন, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

২৮ জানুয়ারী, ২০২৬

গলাচিপা পৌর এলাকার সদর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘ভাই ভাই টেইলার’ ও ‘সেঞ্চুরি টেইলার’ নামের দুটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছিল।

 

প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ‘ভাই ভাই টেইলার’-এ আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পাশের ‘সেঞ্চুরি টেইলার’-এ ছড়িয়ে পড়ে।

 

সেঞ্চুরি টেইলারের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, রাত পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমাদের পাশের টেইলার থেকেই আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা যাবে।

 

গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলমান। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।