অ্যারিজোনায় সীমান্ত রক্ষীর গুলিতে সন্দেহভাজন মানব পাচারকারী আহত

২৮ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মানবপাচারের অভিযোগে অভিযুক্ত এক সন্দেহভাজনকে গুলি করে আহত করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বর্ডার প্যাট্রোল)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মেক্সিকো সীমান্তের কাছে সংঘটিত এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি প্রথমে সরকারি একটি হেলিকপ্টারের দিকে গুলি ছুড়লে বর্ডার প্যাট্রোল এজেন্টের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এফবিআই ও পিমা কাউন্টি শেরিফ জানিয়েছেন, আহত ব্যক্তি প্যাট্রিক গ্যারি শ্লেগেল (৩৪) অস্ত্রোপচারের পর গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছেন। শ্লেগেল আগে একটি হাফওয়ে হাউস থেকে পালিয়েছিলেন এবং অবৈধ অভিবাসী পাচার ও অস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত ছিলেন।

এফবিআই জানিয়েছে, শ্লেগেলকে ফেডারেল কর্মকর্তার উপর হামলা, অবৈধ অভিবাসী পাচার ও অস্ত্রসহ অপরাধী হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হবে।

ঘটনাটি সীমান্ত থেকে ১০ মাইল দূরে অ্যারিভাকার মরুভূমিতে ঘটেছে। এটি অভিবাসীদের জন্য ব্যস্ত একটি এলাকা। পিমা কাউন্টির শেরিফ ক্রিস নানোস জানান, মঙ্গলবার সকালে বর্ডার এজেন্টরা শ্লেগেলের গাড়ির পিছু নেন।

গাড়িতে থাকা চালকসহ কয়েকজন যাত্রী তখন পালিয়ে যায়। পরবর্তীতে অ্যারিজোনার অ্যারিভাকা শহরের কাছে, সীমান্ত থেকে প্রায় ১০ মাইল দূরে, এক বর্ডার প্যাট্রোল এজেন্ট আবারও ওই গাড়ি দেখতে পান। গাড়ি থামানোর পর সন্দেহভাজন ব্যক্তি পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন এবং আকাশে টহলরত কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন হেলিকপ্টারের দিকে গুলি ছুড়েন। পরে বর্ডার প্যাট্রোল এজেন্টের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় তিনি গুলিবিদ্ধ হন।

সম্প্রতি মিনেসোটায় বর্ডার প্যাট্রোলের গুলিতে ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি নিহত হন। এর আগে চলতি মাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এক কর্মকর্তার গুলিতে রেনে গুড (৩৭) নামের এক ব্যক্তি নিহত হন। এর ফলে ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতি নিয়ে বিতর্ক এবং রাজনৈতিক চাপ আরো বেড়েছে।