সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে: দুলু

২৮ জানুয়ারী, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে আছে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখতে দিনের ভোট রাতে আর আমি এবং ডামির ভোট করতো। মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। একটি দল সংসদ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। 

তিনি বলেন, যত ষড়যন্ত্র চক্রান্তই অব্যাহত থাকুক না কেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপিই বিজয়ী হবে। তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের চিত্র পাল্টে গেছে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে। 

আজ বুধবার নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পথসভা ও গণসংযোগের সময় দুলু এসব কথা বলেন। 

আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন ও জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি প্রমুখ।

পথসভায় দুলু আরও বলেন, তিনি এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোন উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। নাটোরের মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি শতভাগ বিশ্বাস রাখেন।