২৯ জানুয়ারী, ২০২৬
মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এমন কোনো সংস্কারে বিএনপি সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন যশোর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে—মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশ গড়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা অবমাননা করে কোনো সংস্কার প্রস্তাবে বিএনপি কখনো সমর্থন দেবে না।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অমিত আরও বলেন, সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা। তিনি জানান, ভবিষ্যতে যেন কেউ স্বৈরশাসক বা ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে—সে লক্ষ্যেই বিএনপি ২০২৩ সালে সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশে মুক্তিযোদ্ধারা ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছেন। কারণ, যাদের বিরুদ্ধে তারা একসময় লড়াই করেছিলেন—সেই রাজাকার ও আলবদররা যেন আবারও মাথাচাড়া দিতে না পারে, সে সংগ্রামে বিএনপিই মুক্তিযোদ্ধাদের প্রধান শক্তি।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল বিএনপি মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর। রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও তারেক রহমান এমন কিছু হতে দেবেন না, যাতে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের অবমাননা হয়।
মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।