ডোপ টেস্ট পজিটিভ হলে কলেজে ভর্তি হতে পারবে না শিক্ষার্থীরা

২৯ জানুয়ারী, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানিয়েছেন, ডোপ টেস্টে প্রতিবেদন পজিটিভ হলে শিক্ষার্থীদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। এছাড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া নতুন নীতিমালায় সরকারি চাকরিতে নিয়োগের সময়ও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ডোপ টেস্ট নীতিমালা মন্ত্রণালয়ে জমা হয়েছে। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। প্রতিবেদন পজিটিভ হলে তারা ভর্তি হতে পারবে না।

মো. হাসান মারুফবলেন, যানবাহনের চালক ও কলকারখানায় যন্ত্রাংশ পরিচালনাকারীদের জন্যও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। এটি বাস্তবায়িত হলে দেশে মাদক নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে।

আলোচনা সভা শেষে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মাদকবিরোধী শ্লোগান সংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং লাল কার্ড প্রদর্শন করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর প্রমুখ।