গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কুবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

৩১ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গণভোটে হ্যাঁর পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে কুবি শাখা ছাত্রশিবির।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের এ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাস এলাকায় ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের লক্ষ্য করে গণভোটে হ্যাঁর পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার প্রদর্শন করেন এবং ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেটে গণভোটের ধারণা, গুরুত্ব এবং হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম বলেন, গণভোট সম্পর্কে দেশের একটি বড় অংশের মানুষ এখনো স্পষ্ট ধারণা রাখেন না। তাদের প্রচারণার মূল লক্ষ্য হলো গণভোট কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কেন হ্যাঁ ভোট দেওয়া প্রয়োজন—এসব বিষয় সহজভাবে অভিভাবকদের সামনে তুলে ধরা। তিনি আরও বলেন, ব্যানার ও লিফলেটের মাধ্যমে বিষয়গুলো সাধারণ ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে মানুষ সঠিকভাবে বুঝতে পারে এবং ভবিষ্যতে দেশে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে।

অন্যদিকে কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, স্থানীয় পর্যায়ে গণভোটকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভ্রান্ত বলে তিনি মন্তব্য করেন। এসব ভুল ধারণা দূর করতেই লিফলেট বিতরণসহ এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংগঠনটি চায় অভিভাবকরা সচেতন হোন এবং দেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার ও সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক ধারণা লাভ করুন। গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং একটি ন্যায্য ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠার পথ সুগম হবে—এই বিশ্বাস থেকেই গণভোটে হ্যাঁর পক্ষে তাদের এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।