৩১ জানুয়ারী, ২০২৬
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। রক্ষণাবেক্ষণ কাজ শেষে শুক্রবার দুপুর ২টার দিকে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। তিনি জানান, প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, গত ১ জানুয়ারি থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। কাজ শেষ হওয়ায় পুনরায় উৎপাদনে ফিরেছে ইউনিটটি।
বর্তমানে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকেই মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।