বরগুনায় ইসলামী আন্দোলনের কর্মীর ওপর জামাত শিবিরের হামলার অভিযোগ

৩১ জানুয়ারী, ২০২৬

বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারণাকালে বামনা উপজেলার সদর ইউনিয়নের নিমতলী গ্রামে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিনের ওপর জামাত শিবির কর্মীদের হমলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে এই হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলনের বেতাগী উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বরগুনা-২ আসনের হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ মুফতি মিজানুর রহমান কাশেমী অভিযোগ করেন, শুক্রবার সকাল ৯টায় বামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের মাঠ কর্মী মো. হাসিব (২৫) ও মো. ইউনুস (২৬)সহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে নাসির উদ্দীন (৪০)’র ওপর হামলা করে। এ সময় কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে তাদের গুরুতর আহত করে। ছেলেকে রক্ষা করতে গেলে তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধ মা মিনারা খাতুনের ওপরও হামলা করা হয়। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি নিজেদের কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।