০১ ফেব্রুয়ারি, ২০২৬
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২২তম ড্র আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র সম্পন্ন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ড্র অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইজবন্ডের ড্র সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রতিটি সিরিজ থেকে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ৬ লাখ টাকা একটি, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা একটি, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা দুটি, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা দুটি এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে ৪০টি পুরস্কার নির্ধারিত রয়েছে।
জানা গেছে, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ডই সংশ্লিষ্ট ড্রয়ের আওতায় আসে। এ ক্ষেত্রে বিক্রির তারিখ গণনা করা হলেও ড্রয়ের দিনটি হিসাবের বাইরে থাকে।
এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার বিধান অনুযায়ী, প্রাইজবন্ডে প্রাপ্ত পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র আয়োজনের নির্ধারিত সময়সূচি রয়েছে। নির্ধারিত তারিখ কোনো সরকারি ছুটির দিনে পড়লে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।