বিপিসির নতুন চেয়ারম্যান রেজানুর, পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হক

০৪ ফেব্রুয়ারি, ২০২৬

রাষ্ট্রীয় জ্বালানি খাতের শীর্ষ দুই প্রতিষ্ঠানে নেতৃত্বে পরিবর্তন এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রেজানুর রহমান। একই সঙ্গে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. এরফানুল হককে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান এবং সরকারের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। সোমবার (২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিপিসির চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি রাতে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ১ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে একই বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

তবে সেই দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন আদেশ জারি করে মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।