০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান মজনু ( ৫৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান মজনু সেংগুয়া শেখ খলিলুর রহমান মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক। তিনি বিলবালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক মিজানুর রহমানের সহকর্মী মাজেদুর রহমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিক্ষক মিজানুর রহমান ফসলি জমির কাজ শেষে বাড়ির উঠানে নিজ সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।