০৬ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল ও হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এ আসনে বিএনপির প্রার্থী নাই। এতে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার গুনাইঘরে তার নিজ বাসভবনের ‘শহীদ জিয়া অডিটরিয়াম’-এ দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানান এবং নেতাকর্মীদের ট্রাকের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান।
একই অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন বিএনপির অপর নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান লিটন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী তার সমর্থকদের নিয়ে জসিম উদ্দিনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। এ ছাড়া শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস আব্দুল আউয়াল খান আনুষ্ঠানিকভাবে মাঠে নামার কথা রয়েছে।
মঞ্জুরুল আহসান মুন্সী তার বক্তব্যে বলেন, যারা বিএনপিকে ভালোবাসে, আজ দেবীদ্বারবাসীর মন রাগে উতলে উঠেছে। তবে এই নির্বাচন শেষে খুব শিগগিরই আপনারা আপনাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন।
এখন সবাই একত্রিতভাবে আমাদের সমর্থিত প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করবেন। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলেই হবে না, মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যারা দলের সিদ্ধান্ত মানবেন না, ভবিষ্যতে তাদের বাধার মুখে পড়তে হবে।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিএনপি এখন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানাচ্ছে।
ফলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে এবার বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাংগঠনিক সম্পাদক সাহাজুদ্দিন সাজু চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগমসহ অন্যান্য নেতারা।
এসময় গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, আপনাদের সমর্থন নিয়ে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিজয় নিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আমরা যেন এই আসনের বিজয়ের মালা আপনাকে (মঞ্জুরুল আহসান মুন্সী) পরিয়ে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৬টি।