০৬ ফেব্রুয়ারি, ২০২৬
একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মঞ্চে বসেছিলেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময় একটি মাটির ব্যাংক হাতে নিয়ে তার সামনে এসে হাজির হন বোরকা পড়া এক নারী। একপর্যায় নির্বাচনের খরচের জন্য শামা ওবায়েদকে ঢাকাভর্তি ওই মাটির ব্যাংকটি উপহার দেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি হয়ে শামা ওবায়েদ নারীর হাত থেকে মাটির ব্যাংক নিয়ে আবেগাপ্লুত হয়ে তাকে বুকে টেনে নেন।
ওই নারীকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দিয়াকুলী গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত ওঠান বৈঠকে এই ঘটনা ঘটে। ওই নারীর জমানো সঞ্চয়ের টাকা উপহার পাওয়ার পর প্রধান অতিথির বক্তব্যের সময় অঝোরে কাঁদেন শামা ওবায়েদ। এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, আমার নিজের পালা হাঁসের ডিম বিক্রি করে টাকাগুলো মাটির ব্যাংকে জমা করেছিলাম। নির্বাচনের খরচের জন্য টাকাগুলো মায়েরে দিলাম।
পরে কান্নাজড়িত কণ্ঠে শামা ওবায়েদ বলেন, আমার বাবাকে ও আমাকে যে আপনার এত ভালোবাসেন, আমি এই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমি চিরকৃতজ্ঞ।
কথাগুলো বলার সময় অঝোরে কাঁদতে থাকেন তিনি। এ সময় বারবার টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাকে।
এসময় উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।