০৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, নির্বাচনী প্রচারণায় মিথ্যার আশ্রয়গ্রহণকারীদের স্থান হবে জাহান্নাম। তারা আবার জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। নিজেদের জাহান্নামের ঠিকানা নিয়ে তারা জান্নাতে টিকিট বিক্রি করছেন।
শুক্রবার রাতে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, কোরআন হাদিসের তাফসির করেন আর যাই করেন না কেন, আপনাদের আমল কোনো কাজে আসবে না। কোরআন যদি সত্যি হয়, আল্লাহর কালামের বাণী যদি স্যতি হয়, আল্লাহ বলছেন মিথ্যাবাদীদের স্থান হবে জাহান্নাম। আপনারা আবার জান্নাতে টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। যেখানে নিজেদের ঠিকানা জাহান্নাম।
তিনি বলেন, জামায়াতে ইসলামীতো মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরে আগুন দিয়েছিল। তরুণীদের বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে দিয়ে এসেছিল। যার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল হয়েছিল।
বারোঘরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।