বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তি গ্রেফতার

০৭ ফেব্রুয়ারি, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত অজি উল্যার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,  প্রায় ছয় মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে রান্নাঘরে নিয়ে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে ফারুক। এতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তি ঘনঘন ভিকটিমের বাড়িতে আসত, এতে সন্দেহ হলে পরিবারের লোকজন মেয়েকে জিজ্ঞেস করলে, তখন ও সব বলে দেয়। মৌখিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে চরজব্বার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শনিবার ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, শুক্রবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।