পিএসএল শুরু আগেই নাম সরিয়ে নিলেন গুরবাজ

০৮ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে সরাসরি চুক্তিতে পেশাওয়ার জালমির হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। দলে ভেড়ানোর মাত্র দুই দিনের মধ্যেই তিনি পিএসএল না খেলার সিদ্ধান্ত নেন।

ইতোমধ্যে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গুরবাজ। শনিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ব্যক্তিগত কিছু দায়িত্ব এবং তার দাতব্য ফাউন্ডেশনের অসম্পূর্ণ কাজের কারণে এবারের পিএসএলে অংশ নিতে পারছেন না।

ভিডিওতে গুরবাজ বলেন, সফল বিশ্বকাপ শেষ করে তিনি তার প্রিয় আফগানিস্তানে ফিরে যেতে চান, যাতে সরাসরি উপস্থিত থেকে ফাউন্ডেশনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা যায় এবং দেশের মানুষের জন্য আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হয়।

এদিকে জানা যাচ্ছে, গুরবাজের পথ অনুসরণ করে আরও কয়েকজন আফগান ক্রিকেটারও পিএসএল থেকে সরে দাঁড়াতে পারেন। সম্ভাব্য এই তালিকায় নাভিন উল হক ও মুজিব উর রহমানের মতো তারকা ক্রিকেটারদের নামও রয়েছে।