০৯ ফেব্রুয়ারি, ২০২৬
বঙ্গোপসাগরে কুতুবদিয়ার পশ্চিম উপকূলে একটি ফিশিং বোট ডুবে এক জেলে নিহত হয়েছে। এই ঘটনায় একজন নিখোঁজ হয়েছেন। রবিবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া বোটটির নাম এফবি নুরুন নাহার। বোটটির মালিক নাসির কো. এবং মাঝি ছিলেন শরিফ। বোটটিতে মাঝি-মাল্লাসহ মোট ১৭ জন জেলে ছিলেন।
সূত্র জানায়, সাগরে মাছ শিকারকালে একটি জাহাজের টলি ফিশিং বোটটিকে ধাক্কা দিলে বোটটি ডুবে যায়। বোটটিতে ওয়্যারলেস না থাকায় তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয়নি। পরে আশপাশের অন্যান্য ফিশিং বোট এগিয়ে এসে জেলেদের উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ পৌঁছে উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করে।
এ ঘটনায় নয়া কাটার বাদশা নামে এক জেলে নিহত হয়েছেন। অপরদিকে জিয়াবুল নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।