১০ ফেব্রুয়ারি, ২০২৬
ধানের শীষেই মুক্তি, গণতন্ত্র ও জনগণের ভাগ্য ফেরানোর একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, এই নির্বাচন রাষ্ট্রকে নতুনভাবে গড়া, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।
সোমবার নির্বাচনী প্রচারের শেষদিনে হালুয়াঘাট পৌর শহরের হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স সকলকে ধানের শীষ প্রতীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, কৃষক কাঁদে, যুবক বেকার, গারো পাহাড়ের পাদদেশে অনুন্নত জনপদ-এ অবহেলার জবাব দেবে ধানের শীষ।
বিএনপির এই নেতা বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া আজ অবহেলার প্রতীক। পাহাড়ি ঢলে বন্যায় বিস্তীর্ণ জনপদ হয় প্লাবিত, সীমান্ত অরক্ষিত, কৃষক ন্যায্য দাম পায় না। বন্যা নিয়ন্ত্রণ ও পাহাড়ি ঢলে প্রতিবন্ধকতা না থাকায় প্রতি বছর কৃষকের স্বপ্ন পানিতে ডুবে যায়। সবাই প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মাঠে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, ধানের শীষে ভোট মানে কৃষকের কান্নার জবাব।
এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। রাস্তা-ঘাট, কৃষি, সীমান্ত এলাকার নিরাপত্তা, কর্মসংস্থান-সব ক্ষেত্রেই বৈষম্য করা হয়েছে। জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হলে হালুয়াঘাটকে একটি বৈষম্যমুক্ত, পরিকল্পিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণের রায় চাইছে। এই নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে গণমিছিল বের করা হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।