১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিয়ের প্রলভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সাদিয়া রহমান মিথিলার দায়ের করা মামলায় এ আদেশ দেন আনোয়ারুল হকের আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার এ তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।’
অভিযোগের নথি অনুযায়ী, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে হিরো আলম ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ ঘটনা হিরো আলম অস্বীকার করলে তার বিরুদ্ধে মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়। মিথিলার অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গত বছরের ৩০ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সাদিয়া রহমান মিথিলার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।