১৩ ফেব্রুয়ারি, ২০২৬
আর্সেনালের জন্য আবারও দুঃসংবাদ। ডেভিড অর্নস্টিনের তথ্য অনুযায়ী, কাই হাভার্টজ পেশিতে নতুন করে চোট পেয়েছেন এবং প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে পারেন। দীর্ঘদিন চোট কাটিয়ে ফেরা খেলোয়াড়দের ক্ষেত্রে এমন সমস্যা অস্বাভাবিক নয়।
এতে করে ২২ ফেব্রুয়ারির নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে খেলতে পারবেন না জার্মান ফরোয়ার্ড, মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে যা বড় ধাক্কা। বিশেষ করে, ভিক্টর জিওকেরেসের গোলস্কোরিং ছন্দ ফিরে পেতে হাভার্টজের ভূমিকা চোখে পড়ার মতো ছিল।
গত মাসেই চোট থেকে ফিরেছিলেন হাভার্টজ। ২০২৫ সালের বেশিরভাগ সময়ই তিনি মাঠের বাইরে ছিলেন। ফেরার পর শেষ চার ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
শারীরিকভাবে বছরটা হাভার্টজের জন্য কঠিনই গেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুবাই ট্রেনিং ক্যাম্পে ডান পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে অস্ত্রোপচার করতে হয়। ২০২৪-২৫ মৌসুমের শেষ দিকে তিনি ফেরেন। এরপর আগস্টে হাঁটুর চোটে আরও পাঁচ মাস ছিটকে যান। এ মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন মাত্র ২৫৩ মিনিট।
তবে সর্বশেষ পেশির সমস্যাটি আগেরগুলোর মতো গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। মার্চেই দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
চোট সমস্যায় আর্সেনাল ভুগছেই। মিকেল মেরিনো পায়ের স্ট্রেস ফ্র্যাকচারে অস্ত্রোপচারের পর পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন বলে মনে করা হচ্ছে। মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকাও বাইরে আছেন, তবে দ্রুতই ফেরার সম্ভাবনা আছে। মাসের শেষের আগেই ম্যাক্স ডাওম্যানকেও স্কোয়াডে দেখা যেতে পারে।
নর্থ লন্ডন ডার্বির আগে আর্সেনালের সামনে রয়েছে ব্রেন্টফোর্ড, উইগান ও উলভসের বিপক্ষে ম্যাচ। এরপর ১ মার্চ চেলসির মুখোমুখি হবে গানাররা।