ঢাকা-১০ : কাকলি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ২৯ শতাংশ

১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ২৯৯ আসনে একটানা ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত  চলবে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা-১০ আসনের কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ২ হাজার ৪২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ১৬১ জন। কেন্দ্রটির বিভিন্ন তলার দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা ভোটগ্রহণের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

দ্বিতীয় তলার দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ওয়েজুদ্দিন জানান, তার অধীনে থাকা ১ হাজার ৯৭৩ জন ভোটারের মধ্যে ৫৭০ জন ভোট দিয়েছেন। তৃতীয় তলার দায়িত্বে থাকা মো. জুয়েল রানা বলেন, তার তলায় ২ হাজার ২৫ জন ভোটারের মধ্যে ৮২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। চতুর্থ তলার দায়িত্বে থাকা সৈয়দ শাফকাত মাহমুদ জানান, তার অধীনস্থ ৩ হাজার ৩৩৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩১ জন ভোট দিয়েছেন।

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে আজ সাধারণ ছুটি। এমনকি শপিং মলগুলো বন্ধ থাকছে। আজকের বহুল প্রতীক্ষিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। 

রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র রয়েছেন ২৭৩ জন। ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। এর বাইরে সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনি মাঠে রয়েছেন। 

অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সবকিছু কঠোরভাবে নজরদারি করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ইসিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এক্ষেত্রে নারী ও পুরুষ ভোটার সমান সমান। নির্বাচনের ফলাফল প্রকাশ দেরি হবে না বলে জানিয়েছে ইসি।