মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডব, নিহত ৩৮

১৩ ফেব্রুয়ারি, ২০২৬

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে অন্তত ৩৮ জন নিহত এবং ৩৭৪ জন আহত হয়েছেন। এছাড়া ১২ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মাদাগাস্কারের পূর্ব উপকূলীয় বন্দরনগরী তুয়ামাসিনায় আঘাত হানে ঘূর্ণিঝড় গেজানি। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটারে পৌঁছায়।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানায়, ঝড়ে ৩৮ জন নিহত ও ৩৭৪ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, মেঝে প্লাবিত হয়েছে, এমনকি মজবুত দেয়ালও ধসে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও জলাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ঝড়ে ১৮ হাজার ৬০০ ঘরবাড়ি প্লাবিত, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯৩টি শ্রেণিকক্ষ ও ২০টি স্বাস্থ্যকেন্দ্র। ধানক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি পানীয় জলের উৎসও দূষিত হয়েছে, যা জনস্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

এর আগে ৩১ জানুয়ারি উত্তর-পশ্চিম মাদাগাস্কারে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘ফিটিয়া’তে অন্তত ১২ জন নিহত ও ৩১ হাজার মানুষ বাস্তুচ্যুত হন। এর আগে ১৯৯৪ সালের ঘূর্ণিঝড় জেরালদার সঙ্গে এর তুলনা করা হচ্ছে, যে ঝড়ে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল।