১৪ ফেব্রুয়ারি, ২০২৬
মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় টানা দুই ঘণ্টা চলে এ সংঘর্ষ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুরের এলাকায় আক্তার হাওলাদার ও হাসান মুন্সির পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারীপুর সদর উপজেলার চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদার পক্ষের খালেক বেপারীর ছেলে রানা বেপারীর ওপর হামলা চালায় নতুন মাদারীপুর এলাকার হাসান মুন্সী পক্ষের শাকিব, টুটুলসহ ১০/১৫ জন কিশোর। এ হামলায় রানা বেপারীর ডান হাত ভেঙে যায়। এরই জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন- নতুন মাদারীপুর এলাকার চান মিয়া মুন্সীর ছেলে রনি মুন্সি, চুন্নু হাওলাদারের ছেলে রনি হাওলাদার ও একই এলাকার রাশেদ।
ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম। তবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।