বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাগেরহাট সদর উপজেলায় এক যুবদল নেতার বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাদ্রা গ্রামের মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান জানান। রানা বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

 

আলীমুজ্জামান রানা বলেন, ‘রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি।

পরে একদল লোক কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন জ্বালিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে।

পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে বসতঘর ও রান্নাঘর পুড়ে সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।’

আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে রানা বলেন, ‘স্থানীয়ভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, তারা এই আগুন দিয়েছে বলে ধারণা করছি।

 

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘রানার সঙ্গে আধিপত্য নিয়ে স্থানীয় লোকজনের বিরোধ পুরনো। তিনি অভিযোগ করেছেন, প্রতিপক্ষ তার বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’