আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের তিন কৃতি শিক্ষার্থীর অনার্স মার্ক অর্জন

১৭ ফেব্রুয়ারি, ২০২৬

খুলনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে অনার্স মার্ক লাভ করেছেন তিন মেধাবী শিক্ষার্থী। অনার্স মার্ক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ভারতের অন্ধ্র প্রদেশের এনাইয়া প্রেমনাথ (Ananya Premnath), আসরা শাবির  

(Asra Shabir) এবং কাশ্মীর প্রদেশের আয়েজা মুজাফ্ফার (Ayeza Muzzafar)। আট দিন আগে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের এই সাফল্যের ঘোষণা দেওয়া হয়।

কলেজ সূত্রে জানা যায়, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিষয়ে অনার্স অর্জন অত্যন্ত সম্মানজনক ও চ্যালেঞ্জিং। এই বিভাগে শিক্ষার্থীদের অস্বাভাবিক মৃত্যু বিশ্লেষণ, পোস্টমর্টেম পরীক্ষা, আঘাত নির্ণয় এবং বিষক্রিয়া সংক্রান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণে বিশেষ দক্ষতা অর্জন করতে হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ বলেন, “ফরেনসিক মেডিসিন চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তিন শিক্ষার্থীর সাফল্য কলেজের জন্য গর্বের।”

অনার্সপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের দিকনির্দেশনা, নিয়মিত অধ্যয়ন এবং কঠোর পরিশ্রমের ফলেই তারা এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে তারা ফরেনসিক গবেষণা ও আদালত-সংশ্লিষ্ট চিকিৎসা কার্যক্রমে অবদান রাখতে আগ্রহী।

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ পরিবার তাদের এই অসাধারণ সাফল্যে আনন্দ প্রকাশ করেছে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।