১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানের চালক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা হাওলাদার (৩৮) উপজেলার বাহেরহাট এলাকার মৃত আদম আলীর ছেলে। আহত লিংকন সিকদার জল্লা এলাকার মাইনুদ্দিন সিকদারের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, সকালে বাজার করতে ব্যাটারিচালিত ভ্যানে করে সৌদি মার্কেট এলাকা থেকে সানুহারের উদ্দেশে রওনা দেন মোস্তফা হাওলাদার। সানুহার বাজারের কাছে পৌঁছালে ঢাকাগামী বেঙ্গল প্লাস্টিকের একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা হাওলাদারের মৃত্যু হয় এবং চালক লিংকন সিকদার আহত হন।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান রেখে চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান বলে জানান ওসি। পুলিশ ভ্যানটি জব্দ করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।