১৯ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে নীলফামারীতে বিশেষ নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গোটা জেলাজুড়ে চলছে এই বিশেষ নজরদারী।
বৃহস্পতিবার সকালে (১৯ ফেব্রুয়ারি) শহরের শাখামাছা বাজারে মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম, জেলা বাজার অনুসন্ধানকারী এটিএম এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
মনিটরিংকালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, কৃত্রিম সংকট তৈরি না করাসহ রমজানে দ্রব্যমুল্যের দর স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, কোনো অবস্থাতেই সিন্ডিকেট যাতে তৈরি না হয় এজন্য প্রশাসন তৎপর রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়েছেন জনসাধারণ যাতে কষ্টের মধ্যে না পড়েন।
তিনি বলেন, বিশেষ এই মনিটরিং কার্যক্রম প্রতিদিনই পরিচালিত হবে।