১৯ ফেব্রুয়ারি, ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা জোন সদরে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এসব বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা জোনের আওতাধীন অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান।
পৌরসভার কাঁঠাল বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী ও গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তার প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন। এছাড়াও মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সেনা জোন অধিনায়ক বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙালি সবার জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় মাটিরাঙ্গা সেনা জোনের অ্যাডজুটেন্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।