২১ ফেব্রুয়ারি, ২০২৬
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে পিরোজপুরের সকল শ্রেণি পেশা ও রাজনৈতিক নেতারা। রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর জেলা প্রশাসনের মাধ্যমে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান দেলোয়ার হোসেন সাঈদী ছেলে ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিন প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হবে।
এসময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।