২১ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর থেকেই বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা দলে দলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগ পর্যন্ত সেখানে ধর্মীয় আলোচনা, দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এক চমৎকার পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাসির ত্বোহা বলেন, ‘রমজান হলো আত্মসংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে আত্মশুদ্ধির পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাও গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ইফতার কেবল খাবার গ্রহণের বিষয় নয়, বরং এটি আনন্দ ও অনুভূতি ভাগাভাগির একটি মাধ্যম। সামান্য খেজুর বা এক গ্লাস পানি দিয়েও অন্যের পাশে দাঁড়ানোর যে শিক্ষা মহানবী (সা.) দিয়েছেন, তা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ সমাজে ইফতারের সৌন্দর্য ও সম্প্রীতির চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে শাখা সেক্রেটারি কৃষিবিদ আবদুল্লাহ আল মঈন বলেন, ‘রমজান মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ সময়। কিন্তু উচ্চশিক্ষার প্রয়োজনে অনেক শিক্ষার্থী পরিবার থেকে দূরে থাকায় ইফতারের সময় ঘরোয়া পরিবেশ খুব মিস করেন।’
তিনি জানান, এই গণইফতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পারিবারিক বন্ধন ও একাত্মতার অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি অনুষদ বা হলভিত্তিক এমন উদ্যোগ গ্রহণ করে, তবে শিক্ষার্থীদের একাকীত্ব অনেকাংশে লাঘব হবে বলেও তিনি মত প্রকাশ করেন।