২১ ফেব্রুয়ারি, ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।
শুক্রবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানোর কর্মসূচি শুরু হয়।
একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা বিভাগীয় কমিশনার এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক। এরপর পর্যায়ক্রমে ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সরকারি দফতরের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও জানানো হয় বিনম্র শ্রদ্ধা। মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ তাদের সহযোগী সংগঠনগুলো শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া জাসদ, সিপিবি এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
শহীদ মিনারের মূল বেদিতে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের ঢল নামে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা ব্যানার ও ফুলের তোড়া নিয়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান।