২১ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান (২৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাজবাড়ী জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মইজ্জ্যারটেকের একটি নির্জন জঙ্গলে নিয়ে সানোয়ারা বেগম (৪২) নামের ওই নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তার দ্বিতীয় স্বামী হাবিবুর রহমান। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী সানোয়ারা বেগম বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত আছেন।
পারিবারিক সূত্র জানায়, এটি ভুক্তভোগী নারীর দ্বিতীয় বিয়ে ছিল এবং বর্তমান স্বামী হাবিবুরের সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার দিন বিকালে হাবিবুর কৌশলে সানোয়ারাকে একটি বিরিয়ানির রেস্তোরাঁয় নিয়ে যান এবং সেখান থেকে নির্জন স্থানে নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালান।
কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম বলেন, ঘটনার পর অভিযুক্ত হাবিবুর খাগড়াছড়ির পানছড়ি হয়ে আত্মগোপনে ছিলেন। তাকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।