২২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, আমার নির্বাচনী সংসদীয় আসন লাকসাম ও মনোহরগঞ্জ হবে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির এলাকা। এখানে রাজনৈতিক আদর্শগত মতপার্থক্য থাকতে পারে, তবে কোনো ধরনের সংঘাত-সহিংসতা থাকবে না। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, ভূমিখেকোসহ সকল অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। অপরাধের বিরুদ্ধে আমরা একে অপরের পরিপূরক।
আগামী প্রজন্মকে মাদকমুক্ত এবং সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে আমাদের অঙ্গীকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকাল ও কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। এসময় সরওয়ার উদ্দিন ছিদ্দিকী নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং একজন অপরজনকে মিষ্টি খাইয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, জামায়াতের উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জোবায়ের ফয়সাল, পৌরসভা আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রেজাউল করিম, জামায়াতের প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর প্রধান নির্বাচনী এজেন্ট কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জামায়াত নেতা অ্যাড. মুহাম্মদ বদিউল আলম সুজনসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
নির্বাচনে বিজয় অর্জন করার পর পরাজিত প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে একে-অপরের সঙ্গে কুশল বিনিময় এই অঞ্চলে রাজনৈতিক শিষ্টাচার এবং সম্প্রীতির বার্তা বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেন। আগামীদিনেও এমন সুসম্পর্ক বজায় থাকবে বলে সবার প্রত্যাশা।