সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় পাঁচজনসহ পাঁচ জেলায় নিহত ১৩

২২ ফেব্রুয়ারি, ২০২৬

কুষ্টিয়ায় অটোরিকশা উল্টে গতকাল শনিবার দুপুরে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া গত শুক্রবার থেকে গতকাল শনিবার বিভিন্ন সময় গোপালগঞ্জের ডুমদিয়ায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় নারী, ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ তিনজন, মৌলভীবাজারে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া নরসিংদীর শিবপুরে রাস্তা পারাপারের সময় আরো একজনের প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে সড়ক দুর্ঘটনায় এই পাঁচ জেলায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে।

 

কুষ্টিয়ায় পাঁচজন নিহত : নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া জানান, কুষ্টিয়ায় গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনার মেয়ের জামাই রাজশাহীর বাঘা উপজেলার চক রাজাপুর গ্রামের জাকারিয়া (৪০)। তাঁরা একই পরিবারের সদস্য।

 

 

এ ছাড়া নিহত হন আরো একটি পরিবারের দুজন। তাঁরা হলেন : খাজানগরের আশরাফুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী শিরিন খাতুন (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে সিএনজিচালিত অটোরিকশার চালক যাত্রীদের নিয়ে বাইপাস সড়ক ধরে বটতৈলের দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে গ্যাসবাহী লরি নিয়ে লরিচালক পাবনার দিকে যাচ্ছিলেন।

 

 

এক পর্যায়ে অটোচালক কুষ্টিয়া স্টোর পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারালে অটোরিকশা উল্টে লরির সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা পাঁচজনের মধ্যে ঘটনাস্থলে তিনজন আমিনা, কমেলা ও জাকারিয়া নিহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক আশরাফুল ও তাঁর স্ত্রী শিরিনাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর থেকে স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন হাসপাতাল মর্গে যান ও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত  ছাড়াই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসক নিহতের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেন।

 

জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলায় জাকারিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে অটোরিকশায় যাত্রীরা খাজানগর ফিরছিলেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। লরির চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অটোচালকসহ তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে।

গোপালগঞ্জের ডুমদিয়ায় বাসচাপায় নারী নিহত : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের ডুমদিয়ায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬৫) নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়ায় রাস্তা পার হচ্ছিলেন। গোপালগঞ্জ-ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নৃপেন বিশ্বাস বলেন, রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে উত্তেজিত এলাকাবাসী ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ নিহত তিন : নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ জানান, ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহতরা হলেন—ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন বিশ্বাস ও আরাপপুরের শাহিনুর রহমানের ছেলে শাহরিয়ার শান্ত এবং মাগুরার শক্রুজিত্পুরের সৌম্য বিশ্বাস। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে আরাপপুর থেকে মোটরসাইকেলে শহরের বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার শান্ত ও তাঁর বন্ধু টোটন। ওই সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহরিয়ার শান্তের মৃত্যু হয়। মোটরসাইকেলের অন্য আরোহী টোটনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু ঢাকা যাওয়ার পথে গতকাল ভোর ৪টার দিকে টোটনের মৃত্যু হয়।

এদিকে গতকাল শনিবার দুপুরে মোটরসাইকেলে মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল সৌম্য বিশ্বাস। পথিমধ্যে ঝিনাইদহ শহরতলির ভুটিয়ারগাতী নতুন ব্রিজের কাছে পৌঁছালে ইজি বাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান তিনি। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।

মৌলভীবাজারে অটোরিকশার তিন যাত্রী নিহত : মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুজন। গত শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শাহপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : অটোরিকশাচালক আলী নুর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। নিহত চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহানের বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লায়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত দেড়টায় শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ দুজন নিহত হন। পরে খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরো একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ বলেন, তিনটি মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিবপুরে গেল মসজিদের খাদেমের প্রাণ : নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে অজ্ঞাত গাড়ি কেড়ে নিল মসজিদের খাদেম নাসির উদ্দিন নাসু মুন্সীর (৭৫) প্রাণ। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের উপজেলার বাজনাব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন নাসু মুন্সী বাজনাব চতলপাড়ার মৃত সানিস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজনাব বাসস্ট্যান্ড জামে মসজিদের খাদেম হিসেবে কাজ করছিলেন। তিনি জীবদ্দশায় অবিবাহিত ছিলেন। নিহতের স্বজনরা জানান, শনিবার ভোরে সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পাশের গর্তে পড়ে যান নাসির উদ্দিন। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর সকালে স্থানীয়রা রাস্তার পাশের গর্তে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এগিয়ে যান। পরে স্থানীয়রা নাসির উদ্দিনের লাশ শনাক্ত করেন। শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।