কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার

২২ ফেব্রুয়ারি, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে নূরমা বেগম (১৬) নামে এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে সেফটিক ট্যাংকি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নূরমা বেগম ওই এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে নজরুল ইসলাম ও তার স্ত্রী তাদের মেয়ে নূরমাকে বাড়িতে রেখে কৃষি কাজে জমিতে যায়। পরে বিকাল সাড়ে তিনটার দিকে ফিরে এসে নূরমাকে খুঁজে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ীর টিউবয়েল পাড়ে রক্ত পড়ে থাকতে দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পাশের সেপটিক ট্যাংকের মুখ খোলা দেখে এগিয়ে গিয়ে দেখতে পায় নূরমা সেখানে পড়ে রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গলাকাটা মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।