২২ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কিশোর গ্যাং অপসংস্কৃতি মোকাবিলায় নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
রবিবার ২৫ নম্বর রামপুর ওয়ার্ড ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, গত ১৬ বছরে সমাজের অন্যতম বড় সমস্যা হিসেবে কিশোর গ্যাং সংস্কৃতি বিস্তার লাভ করেছে। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। মাঠভিত্তিক ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড কিশোর অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে। এই দর্শন বাস্তবায়নে নগরে পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা হচ্ছে। পর্যায়ক্রমে ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলা হবে।
মেয়র বলেন, মহেশ খালের ওপর সেতু চালু হওয়ায় দুটি ওয়ার্ডের মধ্যে মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে। চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, তাসমিয়া তাহসিন, সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলামসহ অন্যরা।