২২ ফেব্রুয়ারি, ২০২৬
নিয়ন্ত্রণে নেই রাঙামাটির নিত্যপণ্যের বাজার। মাংস, ডিম, কাঁচা মরিচ, লেবুর দাম বেড়েছে কয়েকগুন। সাথে পাল্লা দিয়ে বেড়েছে টমেটো ও বেগুনের দাম। সব কিছুই আকাশ ছোয়া। রবিবার সকালে রাঙামাটির বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে দেখা গেছে এমন চিত্র।
রাঙামাটির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রাঙামাটিতে রমজানের কয়েকদিন আগে যে ব্রয়লার মুরগি কেজি প্রতি ছিল ১৬০ টাকা, তা এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকা। এছাড়া সোনালি মুরগি ৩৩০ টাকা থেকে বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৮০ থেকে ৬০০ টাকা। এছাড়া চাহিদা বেশি থাকায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা, টমেটো ১০০ টাকা, শসা ৮০ টাকা, গাজন ৮০ টাকা, ডিম ডজন প্রতি ১১০ টাকা। বড় আকারের প্রতি জোড়া লেবু বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। এক ডজন লেবু কিনতে লাগছে ২০০-২৫০ টাকা। পুদিনা পাতার কেজি ১১০ টাকা এবং এক আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়।
ক্রেতা মো. সালা উদ্দীন আরিয়ান বলেন, ইফতারির সব কিছু একটু বেশি দাম। তাও আবার হঠাৎ বৃদ্ধি করা হয়েছে। রমজান মাসে এভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা আসলে দু:খজনক। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
একই অভিযোগ রেহেনা বেগমের। তিনি বলেন, প্রতি বছর রমজানে লেবু, কাঁচা মরিচ, বেগুন, ডিম আর মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়। এটা সাধারণ ক্রেতা বিশেষ করে নিন্ম ও মধ্য আয়ের মানুষের জন্য খুবই কষ্ট কর। তবে দাম বৃদ্ধির অভিযোগ থাকলেও কথা বলতে নাজার বিক্রেতারা।