গোপালগঞ্জে বাজার পরিদর্শনে নবনির্বাচিত এমপি কে এম বাবর

২২ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালগঞ্জে রমজান মাসে নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বড়বাজার ফলপট্টি, কাঁচা বাজার, চাউলের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন তিনি। 

এ সময় তার সাথে নির্বাহী ম্যাজিস্টেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আমরা খুব সতর্ক। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারবে না। আমাদের সরকার যথেষ্ট সচেতন। আমরা যারা লোকাল প্রশাসন আছি তারাও সচেতন আছি। 

তিনি আরও বলেন, আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। সারাদেশে বিএনপি চেযারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি নির্দেশ, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অতিরিক্ত কোনো মুনাফা নেওয়া যাবে না। সিন্ডিকেট করে কোনো ব্যবসা করা যাবে না। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশনা প্রদান করেন।