২৪ ফেব্রুয়ারি, ২০২৬
মেহেরপুর সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া জেলার প্রথম মামলার অন্যতম আসামি এবং অনলাইন ক্যাসিনো কার্যক্রম ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত মুকুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সাইবার আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সেটি পরীক্ষা-নিরীক্ষা করে অনলাইন জুয়া বা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেলে নতুন করে আরও মামলা দায়ের করা হবে। অন্যথায় বিদ্যমান মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বিকেলে মুজিবনগর থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ১৬ জনের নাম যুক্ত করে সাইবার সুরক্ষা আইনের ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা করা হয়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, অনলাইন ক্যাসিনো এজেন্টদের বিষয়ে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে জেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে।