২৫ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান মাস শুরু হতেই দুবাইয়ে ভিক্ষাবৃত্তি রোধে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাসের প্রথম এক সপ্তাহেই ভিক্ষাবৃত্তির দায়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। প্রতি বছরই এই সময়ে ভিক্ষার আড়ালে প্রতারণার অভিযোগ বাড়ায় বিশেষ অভিযান চালানো হয়।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শহরজুড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অধীন সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ শাখা এ অভিযান পরিচালনা করছে। রমজানকে কেন্দ্র করে জনসমাগম বাড়ায় ভিক্ষাবৃত্তিও বৃদ্ধি পায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ২৬ জন বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষের ভাষ্য, রমজান মাসে সহানুভূতির সুযোগ নিয়ে অনেকে ভিক্ষার আড়ালে প্রতারণা করে থাকে। এমন অভিযোগও রয়েছে, শুধু ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে ভিসা নিয়ে কেউ কেউ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে প্রবেশ করেন।
এ কারণে প্রতি বছরই রমজানকে ঘিরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে সংযুক্ত আরব আমিরাতের বড় শহরগুলোতে প্রচার প্রচারণাও চালানো হচ্ছে।