স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে : পানি সম্পদমন্ত্রী

২৫ ফেব্রুয়ারি, ২০২৬

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

খাল খনন কর্মসূচিকে একটি বিপ্লব ও আন্দোলন হিসেবে উল্লেখ করে পানি সম্পদমন্ত্রী বলেন, এই সূচনা করেছিলেন জিয়াউর রহমান। খাল রক্ষায় জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। খাল পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়িত্ব। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, জনস্বার্থে জনগণের দাবির প্রতি সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। খালের বিভিন্ন অংশে অবৈধভাবে বাঁধ সৃষ্টি ও বর্জ্য ফেলে দূষণ করা হয়েছে। এসব অপসারণ না করলে প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না। 

খালের বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনা ও সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যার সমাধান করা হবে। আমরা প্রকল্পটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। 

এ সময় উপস্থিত পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। তবে সমাধানে শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুভাঢ্যা খাল একটি চলমান প্রকল্প। দখল ও দূষণমুক্ত করে পরিকল্পনা অনুযায়ী খননকাজ সম্পন্ন করা গেলে এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।