২৫ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে মোহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ জিকে সেচ খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মহাম্মদ আলী একই এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটি তার বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে জিকে খালে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বুধবার খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালানোর সময় সকাল সাড়ে ৯টার দিকে খালে ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসি শিশুটির বাড়িতে ভিড় করছেন।
মিরপুর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।