২৬ ফেব্রুয়ারি, ২০২৬
মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ ১৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭ হাজার ৮০ পিস ‘রয়েল টাইগার’ এনার্জি ড্রিংক জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জনকে আটক করা হয়।
জব্দ করা মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।