সাতক্ষীরায় শক্তিশালী ভূমিকম্প, হতাহতের খবর মেলেনি

২৭ ফেব্রুয়ারি, ২০২৬

সাতক্ষীরায় শুক্রবার দুপুরে ৫.৪ মাত্রার ভূমিকম্পে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে অনুভূত এ আকস্মিক কম্পনে জেলার বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন এলাকা। উৎপত্তিস্থল জেলার ভেতরে হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরপরই হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয়। কম্পন অনুভূত হতেই মসজিদে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত খোলা জায়গায় বেরিয়ে যান। শহরের বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

আশাশুনি, তালা ও কলারোয়া উপজেলার কয়েকটি এলাকায় মাটির ঘরবাড়ি ও খোলার ছাউনি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, এর আগে সাতক্ষীরায় এতো শক্তিশালী ঝাঁকুনি তারা অনুভব করেননি। হঠাৎ করে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফেকার আলী রিপন বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল জেলার ভেতরে হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।