২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘‘যারা আল্লাহকে ভয় করে না, তারা ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে ভয় পায় না”।
তিনি বলেন, কোনো ব্যক্তি যদি চিন্তা করে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তবে ঐ ব্যক্তি কখনো জাল ভোট দিতে পারে না কিংবা ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে জনগণের ভোট কারচুপি করতে পারে না।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির উদ্যোগে ‘‘যাকাত ও মাহে রমাদানের তাৎপর্য” - শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, রোজা হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। রোজা লোক দেখানোর জন্য নয় রোজা স্বয়ং আল্লাহর জন্য। রোজা মানুষকে নিষ্পাপ করে দেওয়ার সুযোগ। আল্লাহকে ভয় করার বৈশিষ্ট্য অর্জন করাই রোজার উদ্দেশ্যে হাসিল করা। রোজার আগে দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসী করলেও রোজার পরে যদি সেটি না করে তবেই রোজা পালনের স্বার্থকতা অর্জন হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা পালন করার পরও আগের মতোই দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসী করে তবে ঐ রোজা পালন অনর্থক।