২৮ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১১টায় শহরের পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চাই গড়ে তুলবে একটি সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ। একটি শিশুকে সম্মান দেওয়া মানে তার আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা। এই সংবর্ধনা তাদের মনে নতুন স্বপ্ন বুনে দেবে।’
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণা প্রয়োজন। পরিবার, শিক্ষক ও সমাজ—এই তিনটি শক্তি একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। শুধু পাঠ্যবই নয়, নৈতিক শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ ও প্রতিভাকে বিকশিত হতে দিন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করতে হবে।
পুরানবাজার কলেজের অধ্যাপক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য নেয়ামত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, কুমিল্লা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন, চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, ফাউন্ডেশনের সদস্য আনোয়ার হোসেন বাবলু, পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বৃত্তিপ্রাপ্ত খুদে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মানিত অতিথিরা ক্রেস্ট, সনদপত্র, প্রাইজ বন্ড ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।